প্রিন্ট এর তারিখঃ Oct 17, 2026 || প্রকাশের তারিখঃ Nov 23, 2025
ছাত্রদলের ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বন্ধ না হলে লাল কার্ড দেখাবে ছাত্রসমাজ: শিবির সেক্রেটারি সাদ্দাম
নিজস্ব প্রতিবেদক
ছাত্রদলের ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বন্ধ না হলে তাদেরকে ছাত্রসমাজ লাল কার্ড দেখিয়ে মাঠছাড়া করবে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।
রোববার (২৩ নভেম্বর) দুপুরে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের আব্দুস সাত্তার মিলনায়তনে নবীন শিক্ষার্থীদের জন্য আয়োজিত নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নুরুল ইসলাম সাদ্দাম। প্রধান আলোচক ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে শিবির সেক্রেটারি বলেন,
“ছাত্রদল যদি তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না করে, তাহলে বাংলাদেশের সব ক্যাম্পাস থেকেই শিক্ষার্থীরা তাদের লাল কার্ড দেখিয়ে দেবে।”
তিনি আরও বলেন,
“ছাত্রদল আবারও পুরোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে ফিরতে চাইছে। ইসলামী ছাত্রশিবিরের ওপর হামলা করে তারা পার পাবে না। আমরা ধৈর্য ধরে পরিস্থিতি দেখছি, কিন্তু তাদের শুভ বুদ্ধির উদয় না হলে ছাত্রসমাজই তাদের জবাব দেবে।”
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের পড়াশোনা, নৈতিকতা, ক্যারিয়ার পরিকল্পনা ও সংগঠনের লক্ষ্য নিয়ে আলোচনা করা হয়।